দীঘিনালায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নে আনন্দ চাকমা (২২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
নিরাপত্তাজনিত কারণে আহত ইউপিডিএফ কর্মীকে সংগঠনের তত্ত্বাবধানে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার করেছে। ইউপিডিএফ এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছে। তবে সন্তু পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র ও স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় ভোর ছয়টায় ইউপিডিএফ কর্মী আনন্দ চাকমা (২২) হাত-মুখ ধোয়ার জন্য নদীতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে সংগঠনের লোকজন এসে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
গুলিবিদ্ধ আনন্দ চাকমা একই ইউনিয়নের ধনপাতা এলাকার ভিজ্জাছড়ি গ্রামের জুরাসেন চাকমার ছেলে। ঘটনার পর পর বাবুছড়া সাব জোন থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে।
ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক আনন্দ চাকমাকে তাঁদের কর্মী দাবি করে বলেন, সন্তু লারমার লোকজন আনন্দ চাকমাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করেছে। সন্তু লারমার লোকজন এভাবে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।
জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ঘটনার সঙ্গে জেএসএস (সন্তু) পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করেছেন।