দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সোমবার রাতে শান্তি চাকমা (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে। সে উপজেলার ১ নম্বর ইউনিয়নের মেরুং রঞ্জনমুনি কার্বারিপাড়ার মৃত বৃঘুধর চাকমার ছেলে। পুলিশ ও সেনাবাহিনী রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ নিয়ে ১৫ দিনের ব্যবধানে মেরুং ইউনিয়নে তিনজন খুন, দুজন গুলিবিদ্ধ ও একজন অস্ত্রসহ আটকের ঘটনা ঘটে। এসব ঘটনায় ইউপিডিএফ ও জেএসএস (সন্ত) পক্ষ পরস্পরকে দায়ী করেছে। ঘটনার জন্য ইউপিডিএফ সন্তু পক্ষকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পুলিশ ও নিহত শান্তি চাকমার পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার মেরুং ইউনিয়নের রঞ্জমুনি কার্বারিপাড়ার বাসিন্দা শান্তি চাকমা (৪২) মনের মানুষ এলাকা থেকে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির বড় ভাই জ্ঞানজিৎ চাকমা জানান, কঠিন চীবরদান উপলক্ষে শান্তি চাকমা মনের মানুষ এলাকার একটি বৌদ্ধবিহারে ভিক্ষুকে (ভান্তে) নিমন্ত্রণ করতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। এলাকাবাসী গুলির শব্দ শুনলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা গুলিতে নিহত শান্তি চাকমা সংগঠনের সক্রিয় কর্মী দাবি করে বলেন, ‘সন্তু লারমা পক্ষের লোকজন গত ২০ অস্টোবর বৈঠ্যা খিয়াং (১৮) ও রমেশ চাকমা (১৮) নামে দুই কর্মীকে গুলি করে হত্যা করে। শান্তি চাকমাকেও সন্তু পক্ষের লোকজন গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনার জন্য সন্তু লারমাই দায়ী। আমরা অবিলম্বের হত্যাকাণ্ডে জড়িত সন্তু পক্ষের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।’ তবে জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলোর সঙ্গে সন্তু পক্ষের কোনো সম্পৃক্ততা নেই। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনাগুলো ঘটছে। বরং তারাই শান্তি বাহিনীর সাবেক সদস্য সুনীতি চাকমাকে গুলি করে হত্যা করেছে। সন্তু পক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগ ভিত্তিহীন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন গুলিতে একজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।