দীঘিনালায় ইউপিডিএফের কার্যালয়ে আগুন দুর্বৃত্তদের
খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা কার্যালয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে মাস্টারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের পাশে অবস্থিত তিনটি দোকান ও একটি বসতবাড়িও সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছে। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে মাস্টারপাড়ার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বসতবাড়িসহ দুই শতাধিক ঘর। ইউপিডিএফ এক বিবৃতিতে জুম্ম জাতির ঐক্যে ধ্বংস করার অপচেষ্টা ও পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতকে উসকে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জনসাধারণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ ছিল না। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।