দীঘিনালায় ইট লুটের সময় ট্রাক্টরসহ আটক ৫
দীঘিনালায় গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার মালিকানাধীন ইটভাটা থেকে ইট লুট করার সময় ট্রাক্টরসহ পাঁচ যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ ও ইটভাটার ব্যবস্থাপক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার মধ্য বোয়ালখালী গোপাল মেম্বারপাড়ায় খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার মালিকাধীন ইটভাটা মেসার্স ভাপলী এন্টারপ্রাইজে একদল যুবক অস্ত্রের ভয় দেখিয়ে পাহারাদার পরান চাকমাকে জিম্মি করে ইট লুট করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ খবর পেয়ে ইটভাটায় গিয়ে হাচিনসনপুর এলাকার বাপ্পি চাকমা (১৮), বিজয় চাকমা (১৫), তারাবুনীয়া এলাকার জসু চাকমা (২০), চন্দ্র আলো চাকমা (২০) ও রেবু চাকমাকে (২৬) আটক করে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য যুবকেরা পালিয়ে যান।
ভাটার ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, যুবকেরা জোরপূর্বক ভাটায় প্রবেশ করে ট্রাক্টরযোগে ইট লুট করার চেষ্টা করছিলেন।
দীঘিনালা থানার দািয়ত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইটভাটায় উপস্থিত হয়ে পাঁচ যুবককে আটক করে।