দীঘিনালায় এক নারীকে ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ
খাগড়াছড়ির দীঘিনালায় এক আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দীঘিনালা-খাগড়াছড়ি ও মারিশ্যা সড়কে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।গতকাল অবরোধ চলাকালে দীঘিনালা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। রাস্তাঘাট ছিল ফাঁকা। অবরোধের সময় উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সূত্রমতে, বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামের একজন আদিবাসী নারী (২৫) পাহাড়ে গরু আনতে গেলে আজাহার আলী (২৬) নামের এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে।এ ঘটনার প্রতিবাদে বুধবার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সংগঠনগুলো আজাহার আলীর শাস্তির দাবিতে দীঘিনালা-খাগড়াছড়ি ও মারিশ্যা সড়কে সকাল-সন্ধ্যা এই সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আজাহার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।