দীঘিনালায় এক ব্যক্তিকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তরা উজ্জ্বল কান্তি চাকমা (৩৮) ওরফে চিত্ত ঠেঙ্গা নামের এক আদিবাসীকে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার শুকনাছড়ির দুর্গম সমরঞ্জন কার্বারীপাড়া থেকে তাঁকে অপহরণ করা হয়।পুলিশ ও উজ্জ্বলের পরিবারের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১১টার দিকে একদল যুবক উজ্জ্বলের দোকানে এসে পানি পান করার কথা বলে দরজা খুলতে বলে। এ সময় দরজা খুলে দিলে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে উজ্জ্বল ও তাঁর স্ত্রী সুমিতা চাকমার হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা দোকান থেকে টাকা-পয়সা, সোনার চেইন ও মালামাল লুট করে। পরে মুখোশধারী দুর্বৃত্তরা উজ্জ্বলকে অপহরণ করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা দুটি ফাঁকা গুলি করে। স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বলের বাড়ি শুকনাছড়ি গ্রামে। তিনি কোনো আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, উজ্জ্বল কান্তি চাকমার পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।