দীঘিনালায় এক মাসে ডায়রিয়ায় ৬৬ জন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থান সংকুলান না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে অসুস্থ শিশুদের তীব্র ঠান্ডায় মেঝেতে রাত কাটাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে দীঘিনালায় দিনে গরম রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ বৈরী অবহাওয়ার কারণে শিশুরা প্রথমে বমি ও পরে পাতলা পায়খানায় আক্রান্ত হচ্ছে। ২৩ জানুয়ারি থেকে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। ডায়রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে অধিকাংশই শিশু। জানুয়ারি মাসে ৬৬ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও শতাধিক রোগী। গত রোববার রাতে ওয়ার্ডটি ঘুরে দেখা যায়, শয্যা সংকটের কারণে তিনটি শিশুকে শীতের মধ্যেও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রতন খীসা বলেন, এবার ঠান্ডা ও গরমের মিশ্রণে শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। তা ছাড়া পানির সমস্যা থেকেও রোগটি হতে পারে। তবে ডায়রিয়ার প্রাদুর্ভাব হলেও তা নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।