দীঘিনালায় এখনো ত্রাণ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো বিপৎসীমার ওপরে রয়েছে মাইনী নদীর পানি। রাঙামাটির লংগদুর সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ দুদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল থেকে চালু হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা চেয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দিলেও এখনো বরাদ্দ পাওয়া যায়নি।

গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ১৫ গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় ৭ শতাধিক ঘরবাড়ি। এরপর ছয়টি আশ্রয়কেন্দ্রে ২ শতাধিক পরিবার আশ্রয় নেয়। এখনো আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার রয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহমান কবীর বলেন, মেরুং এলাকার নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। বন্যায় ৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ সহায়তা পাওয়া যায়নি। তবে আবারও ভারী বর্ষণ হলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল সরেজমিনে দেখা গেছে, দীঘিনালা-লংগদু সড়কের বড় ও ছোট মেরুং এলাকার দুটি বেইলি সেতু থেকে পানি নেমে গেছে। ফলে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। এ ছাড়া ছোট মেরুং বাজারেও এখন পানি নেই। তবে বাজারের বেচাকেনা চালু হয়নি। ব্যবসায়ীদের আশঙ্কা ভারী বৃষ্টি হলে আবার তলিয়ে যাবে বাজার।

কবাখালী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ৭০টি পরিবার আশ্রয় নিয়েছে। পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিকনগর দাখিল মাদ্রাসা, মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছে শতাধিক পরিবার। এসব পরিবারদের জন্য এক লাখ টাকাসহ জেলা প্রশাসকের কাছে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়াও জনপ্রতিনিধিদের বলা হয়েছে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে জমা দিতে।