দীঘিনালায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগান নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সমাবেশ। গতকাল শনিবার উপজেলার মেরুং উচ্চবিদ্যালয় মাঠে ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা, সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, ১ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিরণ্ময় ত্রিপুরা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পুলিশ ও জনতা একসঙ্গে কাজ করতে হবে। বক্তারা বলেন, পুলিশের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁঁছে দিতে গ্রামে গ্রামে সভা-সমাবেশ করা হবে।উল্লেখ্য, দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের মধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের জন্য প্রথম পর্যায়ে ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদকে মডেল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।