দীঘিনালায় কর্মী সম্মেলনের ডাক জনসংহতির একাংশের
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একাংশের নেতারা আগামীকাল শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কর্মী সম্মেলন আহ্বান করেছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএসের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। তবে প্রশাসন ওই সম্মেলন আয়োজনের অনুমোদন দেয়নি। জেএসএসের একাংশের নেতা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে অভিযোগ করেন, জনসংহতি সমিতি এখন সংগঠনের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ থেকে দূরে সরে গেছে। সংগঠনকে পরিবারতন্ত্রে আবদ্ধ করে ফেলা হয়েছে। ২৯ মার্চ থেকে তিন দিনের সম্মেলনে সন্তু লারমা তাঁর বোনের মেয়ের স্বামী প্রণতি বিকাশ চাকমাকে সংগঠনের সাধারণ সম্পাদক করেছেন। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ হারানোর ভয়ে সন্তু লারমা নিজেই শান্তিচুক্তির বাস্তবায়ন চাচ্ছেন না। সন্তু লারমার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের বাদ দিয়ে একতরফাভাবে জাতীয় সম্মেলন করার অভিযোগ তোলেন তাতিন্দ্র। তিনি বলেন, শনিবার দীঘিনালার বড়াদম কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন আহ্বান করা হয়েছে। তারা চাইলে পাল্টা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু প্রশাসন সম্মেলনের অনুমতি দেয়নি। সংগঠনের একাংশের নেতা ও দীঘিনালা শাখার আহ্বায়ক প্রশান্ত চাকমা বলেন, ‘প্রশাসন অনুমতি না দিলেও যেকোনো মূল্যে সম্মেলন সফল করব।’জানা গেছে, সংগঠনের একাংশের নেতা ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুধাকর ত্রিপুরা সম্মেলনের অনুমতি চেয়ে ৪ এপ্রিল জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি।