দীঘিনালায় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যালয়পড়ুয়া কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্পের আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদগুলো সরকারের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। কিন্তু কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এর আগে কোনো প্রকল্প নেওয়া হয়নি। বয়ঃসন্ধিকালে কিশোরীরা শারীরিকভাবে নানা সমস্যায় ভোগে। লজ্জায় অভিভাবকদের সমস্যার কথা জানায় না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আমরা পরামর্শ করেই এই প্রকল্প হাতে নিয়েছি আমরা।’
১৭ মে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কার্যক্রম। বিদ্যালয়ের দুই শতাধিক কিশোরী প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণের কর্মশালায় উপস্থিত হয়েছিল। কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, ইউএনও শহীদ হোসেন চৌধুরী, চিকিৎসক শামীমা ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, এলজিএসপি প্রকল্পের জেলা ফেসিলেটেটর আবদুুর রাজ্জাক, মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা ও বাবুছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যন্দ্রিয় চাকমা উপস্থিত ছিলেন।
অতিথিরা কক্ষ থেকে বের হওয়ার পর স্কুলপড়ুয়া কিশোরীদের সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আলাপ করেন চিকিৎসক শামীমা ইসলাম। তিনি বলেন, সচেতন না হলে কিশোরীরা নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হতে পারে। এ বিষয়গুলোই তাদের বুঝিয়ে বলা হয়েছে। এ ছাড়া খাদ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হয়েছে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, ‘আমরা আজ ২৩৫ জন কিশোরীকে সচেতন করেছি। কর্মসূচিতে কিশোরীদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন ও আয়রন বড়ি দেওয়া হয়েছে।’
ইউএনও শহীদ হোসেন চৌধুরী বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ধারণা দেওয়া হবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসক না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসক শামীমা ইসলাম এ কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছেন।