দীঘিনালায় কৃষককে কুপিয়ে হত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জামিনী মোহন কার্বারিপাড়ায় বিমল চাকমা (৪২) নামের এক কৃষককে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। একই দিন গভীর রাতে উপজেলার শান্তিপুর এলাকায় একটি সেচের মেশিনঘরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (১৯) নামের এক যুবক মারা গেছেন।পুলিশ ও নিহত বিমলের পারিবারিক সূত্রে জানা যায়, ৪ নম্বর দীঘিনালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গম জামিনী মোহন কার্বারিপাড়ার কৃষক বিমল চাকমা সন্ধ্যা সাতটার দিকে নিজের বাড়িতে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী ঘরে ঢুকে তাঁর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিমলের গোঙানি শুনে তাঁর স্ত্রী ঝর্ণা চাকমা এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঝর্ণা চাকমা জানান, তাঁর স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না।বিমলের বোন কোহেলী চাকমা বলেন, ‘যারা খুন করেছে, তাদের কাউকে তো আমরা চিনি না। কাকে দোষী করব? কার বিচার চাইব?’অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে, সে ব্যাপারে এখনো কেউ মুখ খুলতে চাইছেন না।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ঝর্ণা চাকমা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।অন্যদিকে, এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শান্তিপুর এলাকায় গভীর রাতে হিল টার্চ ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের সেচ মেশিনঘরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আবু হানিফ।