দীঘিনালায় কয়লার সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম ইয়ারিংছড়ি গ্রামের পাহাড়ি এলাকায় খনিজ কয়লার সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শুরু হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের দুই সহকারী পরিচালক জরিপের কাজ শুরু করেন।ইয়ারিংছড়ি গ্রামের কুদ্দুছ আলী বলেন, ‘২৮ নম্বর রেংক্যার্যা মৌজায় আমার সাত একরেরও বেশি ভূমি রয়েছে। এখানে তিন বছর আগে আমি কয়লার সন্ধান পাই। ভয়ে এত দিন বিষয়টি কাউকে জানাইনি। কিছুদিন আগে কয়লার বিষয়টি আমার বড় ভাই মোমিন আলীকে জানাই।’মোমিন আলী বলেন, ‘কুদ্দুছ আমাকে প্রথমে কয়লার বিষয়টি জানায়নি। এক দিন পাহাড়ের ঝরনা থেকে নালা খনন করার সময় মাটির নিচে কালো পাথরের মতো বস্তু দেখতে পাই। তখন কুদ্দুছকে বললে সে অনেক আগেই কয়লার সন্ধান পাওয়ার বিষয়টি আমাকে জানায়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা জানান, পরীক্ষার জন্য ৩০ কেজির মতো কয়লা সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষায় ভালো প্রতিবেদন আসার পর মন্ত্রণালয় থেকে দুজন সহকারী পরিচালককে কয়লার সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ করার জন্য পাঠানো হয়েছে।জরিপের কাজে অংশ নেওয়া বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সায়েম ও মুহাম্মদ মাছুম জানান, প্রাথমিক জরিপে কুদ্দুছ আলীর পাহাড়ে সাত মিটারের মধ্যে পাঁচটি কয়লার স্তর পাওয়া গেছে এবং এগুলো যে খনিজ কয়লা, সে বিষয়েও নিশ্চিত হওয়া গেছে। এ এলাকায় একটানা দশ দিন জরিপ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হবে।গত ৯ জুলাই প্রথম আলোয় ‘দীঘিনালার দুর্গম পাহাড়ে কয়লার সন্ধান’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।