দীঘিনালায় খাদ্যে বিষক্রিয়া ৫০ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে বিষক্রিয়ায় খাগড়াছড়ির দীঘিনালায় একটি বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঠিকাদার নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ করায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তবে খাদ্য সরবরাহের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারের ব্যবসায়িক অংশীদারের ভাইকে এই কমিটির প্রধান করায় তদন্ত কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীঘিনালা আবাসিক বিদ্যালয়টি চালু হয়েছে মাত্র এক বছর দুই মাস আগে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ১০০। বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পর কর্তৃপক্ষ জেলা পরিষদ সদস্য অনিমেষ দেওয়ানের ছোট ভাই রিপ রিপ দেওয়ানের ব্যবসায়িক অংশীদার শ্রায়ন চাকমাকে খাদ্য সরবরাহের কাজ দেয়। বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, গত মঙ্গলবার সকালের নাশতা হিসেবে শিক্ষার্থীদের পরোটা ও ভাজি দেওয়া হয়। ওই ভাজি খাওয়ার আধা ঘণ্টা পর সব শিক্ষার্থীর পেট ব্যথা ও বমি শুরু হয়। শিক্ষকেরা তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিত্সা সহকারীরা ১৪ জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেন। অবস্থা খারাপ হওয়ায় ২৫ জন শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় শ্রেণীর আরিফ হোসেন, উষাপ্রু মারমা, রনেল ত্রিপুরা, চতুর্থ শ্রেণীর উত্তম চন্দ্র নাথ, জাহাঙ্গীর আলম, সঞ্জয় চক্রবর্তী, মামুন মিয়া এবং পঞ্চম শ্রেণীর আকিব মিয়া রয়েছে। তৃতীয় শ্রেণীর ছাত্রী সাহিনা চাকমা জানায়, সকালের নাশতা খাওয়ার কিছুক্ষণ পরই তার পেট ব্যথা ও বমি শুরু হয়। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিমেষ দেওয়ানকে প্রধান করে তিন সদস্যের অন্য দুই সদস্য হচ্ছেন খাগড়াছড়ি সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা বলেন, বিদ্যালয়টি জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন, তাই খাদ্য সরবরাহে অনিয়ম ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বলেন, ‘নিম্নমানের খাবার সরবরাহ করা হয়নি। তবে তরকারি সামান্য গন্ধ হয়েছে।’ খাদ্য সরবরাহের ঠিকাদার শ্রায়ন চাকমা জানান, তিনি ও রিপ রিপ দেওয়ান যৌথভাবে বিদ্যালয়ে খাবার সরবরাহ করেন। খাদ্য সরবরাহে তাঁরা কোনো অনিয়ম করেননি। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথী কার্বারি জানান, খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত কমিটির প্রধানের ভাই বিদ্যালয়ে খাদ্য সরবরাহ করেননি; অন্য লোক করেছেন। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।