দীঘিনালায় গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত, আহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে সুদৃষ্টি চাকমা ওরফে পেট্টো চাকমা (৩৭) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত ও হূদি চাকমা (৩৩) নামের অপর এক সদস্য আহত হয়েছেন।
নিহত সুদৃষ্টি চাকমা উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়া এলাকার মৃত নিতাই চাকমার ছেলে। হূদি চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকার মৃত শরৎ চাকমার ছেলে। গুলিবিদ্ধ হূদি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থল নতুনবাজার মগ্যা কার্বারী এলাকায় গিয়ে পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুদৃষ্টি ও তাঁর বন্ধু হূদি গতকাল ভোরে নাশতা করতে বাড়ির পাশে একটি দোকানে যান। সশস্ত্র দুর্বৃত্তরা আগে থেকেই দোকানের আশপাশে ওঁৎ পেতে ছিল। চা খাওয়ার মুহূর্তে দুর্বৃত্তরা দোকানটিতে এসে কাছে থেকে সুদৃষ্টিকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে হূদি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাঁকেও লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় তাঁর বাঁ হাটুতে দুটি ও ডান ঊরুতে একটি গুলি লাগে। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন হূদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।