দীঘিনালায় গুলিতে তিন ছাত্র আহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত শনিবার রাতে অস্ত্রধারীদের গুলিতে তিন ছাত্রের আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে রাত সাড়ে তিনটার দিকে অস্ত্রধারীরা গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক আলোজীবন চাকমার বাড়িতে হামলা চালায়। এ সময় আলোজীবন পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে তিনি অল্পের জন্য বেঁচে যান।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুসারে, উপজেলার নারিকেল বাগান এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পরিচালিত একটি ছাত্রাবাসে শনিবার রাত তিনটার দিকে অস্ত্রধারীরা গুলি চালায়। এ সময় ছাত্রাবাসে থাকা দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রুবেল চাকমা (১৫), ছোট মেরুং উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কনক জ্যোতি চাকমা (১৭) ও পলাশ চাকমা (১৭) গুলিবিদ্ধ হয়।আলোজীবন চাকমা বলেন, ‘অস্ত্রধারীরা আমার বড় ভাই ধনমণি চাকমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে এসে আমাকে খুঁজতে থাকে। এ সময় আমি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। তবে অস্ত্রধারীরা আমার পিছু নিয়ে কয়েকটি গুলি ছোড়ে।’ ইউপিডিএফের দীঘিনালা ইউনিট প্রধান কিশোর চাকমা দাবি করেন, ‘আলোজীবনকে হত্যার উদ্দেশ্যেই গুলি ছোড়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে গুলিবিদ্ধ তিন ছাত্রকে আমাদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করাচ্ছি।’দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেলেও গুলিবিদ্ধ তিন ছাত্র কোথায় আছে, তা জানা যায়নি। পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ: পাহাড়ি ছাত্র পরিষদ ওই হামলার জন্য সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির সশস্ত্র ক্যাডারদের দায়ী করেছে। পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি রজেন্টু চাকমা জানান, ঘটনার প্রতিবাদে গতকাল খাগড়াছড়ি জেলা সদরে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ-মিছিল করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা।সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দীঘিনালায় সশস্ত্র হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ছাড়াও দীঘিনালা, পানছড়ি ও মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ করেছে।