দীঘিনালায় গৃহবধূ ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত মঙ্গলবার এক আদিবাসী গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সদর উপজেলায় মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ।গতকাল বেলা ১১টার দিকে মিছিলটি স্বনির্ভর বাজার থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। খাগড়াছড়ি সরকারি কলেজের আদিবাসী শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের শিখা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বিপুল চাকমা প্রমুখ।বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ওপর নিপীড়ন-নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়াতেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।বক্তারা অভিযোগ করে বলেন, এ ঘটনায় দীঘিনালা থানায় মামলা হয়েছে। কিন্তু পুলিশ এখনো ধর্ষককে গ্রেপ্তার করেনি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সড়ক অবরোধের ডাক: এ ঘটনার প্রতিবাদে আদিবাসীদের ছয়টি সংগঠন আজ বৃহস্পতিবার দীঘিনালা-খাগড়াছড়ি ও মারিশ্যা সড়কে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে।