দীঘিনালায় চার বছরেও চালু হয়নি পানি শোধনাগার
আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ২০০৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেয়। ২০০৮ সালে শোধনাগারটির নির্মাণ শেষ হলেও এখনো সেটি চালু হয়নি।দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। ২০১১ সালের জুন মাসে শোধনাগারটির প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। দীর্ঘদিন বৈদ্যুতিক মোটরগুলো চালু না করায় নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। অপর দিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, শোধনাগারটি স্থাপনের আগে পিডিবির অনুমোদন নেওয়া হয়নি। এ ধরনের প্রকল্প নেওয়ার আগে পিডিবির অনুমোদন নেওয়া প্রয়োজন। আইনি সমস্যা থাকায় বিদ্যুৎ-সংযোগ দিতে সমস্যা হচ্ছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ২০০৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ত্বরান্বিত প্রকল্পের আওতায় ৯৬ লাখ টাকা ব্যয়ে দীঘিনালা উপজেলা সদরে আয়রনমুক্ত পানি শোধনাগার নির্মাণ করা হয়। ২০০৮ সালে নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান এন এস ইঞ্জিনিয়ারিং শোধনাগারটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বুঝিয়ে দেয়। ২০০৮ সালে সম্পূর্ণ বুঝে নেওয়ার পর চার বছরেও চালু করতে পারেনি সেটি কর্তৃপক্ষ। শোধনাগারটিতে প্রতিদিন দুই লাখ গ্যালন পানি শোধন করে ৫০০ গ্রাহকের মাঝে বিতরণের ধারণক্ষমতা রয়েছে। দীঘিনালা উপজেলার বৃহত্তম পাইকারি বাজার বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ জসিম বলেন, ‘পানি শোধনাগারটি চালু হলে বেশি উপকার হতো বাজারের ব্যবসায়ীদের। পাহাড়ের ওপর বাজারে বড় সমস্যা পানির। তাই পানি শোধনাগারটি দ্রুত চালু করে পানি সরবরাহের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।’জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার জানান, বিদ্যুৎ সমস্যার কারণে শোধনাগারটি চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন পড়ে থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে। পিডিবির দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, পানি শোধনাগারটি নির্মাণের আগে পিডিবির কোনো অনুমোদন নেওয়া হয়নি। ফলে বিদ্যুতের সংযোগ পেতে আইনি সমস্যা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিদ্যুৎ-সংযোগ পেতে ব্যাংকে জামানতের টাকাও জমা করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।