দীঘিনালায় চালককে গলা কেটে হত্যা, দুই তরুণ আটক
খাগড়াছড়ির দীঘিনালার ভৈরফা অটলটিলা এলাকায় গতকাল মঙ্গলবার মোটরসাইকেলের এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই তরুণকে আটক করেছে৷
নিহত ব্যক্তির নাম শাহ আলম (২৮)৷ তিনি চট্টগ্রামের রাঙ্গুিনয়া উপজেলার সরফভাটা গ্রামের রাজা মিয়ার ছেলে৷ তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন৷ পুিলশ ঘটনাস্থল থেকে শাহ আলমের লাশ, তাঁর মোটরসাইকেল ও দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। আটক হওয়া দুই তরুণের নাম রিমন মিয়া (১৮) ও নূর নবী (১৯)৷ মোটরসাইকেল নেওয়ার উদ্দেশ্যেই শাহ আলমকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে৷
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে নয় মাইল এলাকার একটি দোকানে পানি পান করতে যায় রিমন ও নূর নবী৷ এ সময় রক্তমাখা কাপড় দেখে আদিবাসীরা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন৷
কয়েকজন মোটরসাইকেলচালক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ঘটনাস্থলের পাশে পাহাড়ের ওপরে অটলটিলা পুলিশ ক্যাম্প আছে৷ কিন্তু ক্যাম্পের পুলিশ নিরাপত্তা দিতে পারছে না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, সম্ভবত খাগড়াছড়ি থেকে দীঘিনালা আসার পথে চলন্ত অবস্থায় যাত্রীবেশী ওই দুই ছিনতাইকারী শাহ আলমের গলা কেটে হত্যা করে। তিনি (শাহ আলম) মোটরসাইকেল ফেলে বাঁচার জন্য দৌড় দিয়ে ১০-১৫ হাত দূরে গিয়ে পড়ে যান। গতকাল সন্ধ্যা সাতটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷ পুিলশ রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ আটক ব্যক্তিরা থানার হেফাজতে আছেন৷