দীঘিনালায় টহল দলের ওপর সন্ত্রাসীদের গুলি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দলের ওপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। তবে এতে টহল দলের কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার উপজেলার দুর্গম গোবিন্দ কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাবুছড়া সেনা সাবজোন থেকে সেনাবাহিনী ও পুলিশের ১০ সদস্যের যৌথ একটি এসআরপি (শর্ট রোড পেট্রোল) দল টহলে যায়। বেলা ১১টায় দলটি গোবিন্দ কার্বারিপাড়ায় পৌঁছালে সেনাবাহিনী ও আনসার বাহিনীর পোশাক পরা একদল সন্ত্রাসী টহল দলের সামনে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা টহল দলের ওপর অতর্কিত গুলি ছুড়ে পালাতে থাকে। টহল দলটি তাদের পিছু ধাওয়া করলে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে তাদের ফেলে যাওয়া কয়েক জোড়া জুতা, সেনা পোশাকসদৃশ টুপি ও রান্নার সরঞ্জাম উদ্ধার করে। কিছুক্ষণ পরে গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সবার ভূষণ চাকমা (২২), ধর্মধন চাকমা (২৬), বীরসেন চাকমা (৬০) ও অমর শান্তি চাকমা (৪৫) নামের চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে নিরপরাধ মনে হলে তাঁদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেছেন, ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ১৪ আগস্ট রুকচন্দ্র কার্বারিপাড়ার বাসিন্দা বিধুভূষণ চাকমার ঘরে সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়ে দুটি রাইফেল, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগজিন, দুই শতাধিক গুলি ও তিনটি হাতবোমাসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করে।