দীঘিনালায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
১০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দীপঙ্কর ধর বলেন, ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ১০৫টি শিশু ভর্তি হয়েছে। একই সময়ে জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা নিয়েছে ডায়রিয়ায় আক্রান্ত ৬৫টি শিশু। এ ছাড়া বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে দেড় শতাধিক শিশু।
হাসপাতাল সূত্র জানায়, ডিসেম্বর মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৪৮টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশির ভাগ শিশুই দুর্গম এলাকার।
সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার ডায়রিয়ায় আক্রান্ত আটটি শিশু চিকিসাসেবা শেষে অন্তর্বিভাগ থেকে ছাড়পত্র নিয়ে চলে যাচ্ছে। আর হাসপাতালে ভর্তি আছে পাঁচটি শিশু।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া শিশু ৩ নম্বর রাবার বাগান এলাকার সনিলা ত্রিপুরার (২) মা পপি ত্রিপুরা বলেন, দুই দিন ধরে তাঁর ছেলে ডায়রিয়ায় আক্রান্ত। শনিবার সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কবাখালী এলাকার সালমা আকাতারের (১২) মা সালেহা বেগম, মেরুং এলাকার শান্তামনির (৬ মাস) মা মরিয়ম বেগম বলেন, হঠাৎ তাঁদের সন্তানদের পাতলা পায়খানা শুরু হয়েছে। কিন্তু না কমায় এক দিন পর তাঁরা সন্তানদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রকি দাশগুপ্ত বলেন, তীব্র ঠান্ডা ও গরমের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এক মাস ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া অপরিছন্নতার কারণেও ডায়রিয়া হতে পারে। শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের ঠান্ডা লাগানো যাবে না। তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।