দীঘিনালায় তামাক চুল্লির পাশে কাঠের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় তামাক চুল্লিগুলোতে পোড়ানোর জন্য স্তূপ করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দীঘিনালায় ৮৫২ জন চাষি ৪৯৬ হেক্টর (১ হাজার ২৪০ একর) জমিতে তামাক চাষ করেছেন। প্রতি দুই একর পরিমাণ জমির তামাক পোড়ানোর জন্য একটি তামাক চুল্লির দরকার। সে হিসাবে দীঘিনালায় ৬ শতাধিক তামাক চুল্লি আছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি মাঠপর্যায়ে ঘুরে তামাক চুল্লির তথ্য সংগ্রহ করছি। তামাক চুল্লিতে কাঠ পোড়ানো হলে অবশ্যই পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই তামাক চুল্লিতে কাঠ পোড়াতে দেওয়া হবে না।’
সরেজমিনে উপজেলার কবাখালী, হাচিনসনপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, তামাক চুল্লির আশপাশে বিপুল পরিমাণ কাঠের স্তূপ। হাচিনসনপুর এলাকার অর্ধশতাধিক তামাক চুল্লির পাশে কাঠ স্তূপ করে রাখতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন তামাকচাষি বলেন, প্রতি দুই একর জমির তামাক পোড়ানোর জন্য তিন শ মণ কাঠের দরকার। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে তামাক চুল্লির জন্য কাঠ সংগ্রহ করে রাখতে হয়। ফেব্রুয়ারির শেষে ও মার্চের শুরুতেই তামাক পোড়ানো শুরু হয়।
কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, গত বছর ১ হাজার ৯৮ জন চাষি ৬৪৬ হেক্টর জমিতে তামাক চাষ করেছিলেন। চলতি বছর চাষের জমি ও চাষির সংখ্যা কমেছে।
মেরুং কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘মাঠপর্যায়ে তামাকের ব্যাপারে চাষিরা সঠিক তথ্য দিতে চান না। আমরা নিজেরাই মানুষের কাছে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করে থাকি।’
একটি তামাক কোম্পানির ব্যবস্থাপক খগেন চন্দ্র দাশ বলেন, ‘চলতি বছর আমাদের কোম্পানির অধীনে দীঘিনালায় ২৩৮ জন চাষি ৪৮০ একর জমিতে তামাক চাষ করেছেন। আমাদের চাষিদের ৭৬টি তামাক চুল্লি আছে। আমরা সব সময় চাষিদের তামাক চুল্লিতে কাঠ পোড়াতে নিষেধ করে থাকি।’
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, মাঠপর্যায়ে চাষিরা কৃষি বিভাগের কর্মকর্তাদের তামাক চাষের যে তথ্য দেন, তার চেয়েও দ্বিগুণ পরিমাণ জমিতে তামাক চাষ হয়। তিনি বলেন, একটি তামাক চুল্লিতে ৪০০ থেকে ৫০০ মণ কাঠ পোড়ানো হয়।