দীঘিনালায় দুই তরুণকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বৃহস্পতিবার দুই আদিবাসী তরুণকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কামাকুছড়া প্রণয় কার্বারীপাড়া গ্রামে একদল দুর্বৃত্ত হানা দিয়ে বান্দরবান সদর থানার গুংগুরুং পাড়ার বৈঠাং খেয়াং (১৮) ও উপজেলার নৌকাছড়া গ্রামের রমেশ চাকমাকে (১৮) গুলি করে হত্যা করে।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দাবি, নিহত ব্যক্তিরা তাদের সমর্থক ছিলেন। এ ঘটনার জন্য সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি—জেএসএসের (সন্তু) পক্ষকে দায়ী করেছে।ইউপিডিএফের দাবি, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তাদের সমর্থক মারিশ্যা তালুকদারপাড়া গ্রামের মুকুল চাকমা (৪৫) ও উপজেলার নৌকাছড়া গ্রামের বিমল চাকমাকে (১৭) খুঁজে পাওয়া যাচ্ছে না।প্রণয় কার্বারীপাড়ার অঙ্গনা দেবী চাকমা বলেন, নিহত বৈঠাং খেয়াং তাঁকে মা ডেকে কয়েক মাস আগ থেকে এখানে বসবাস করছিলেন। গতকাল সন্ধ্যায় বাড়িতে রান্না করার সময় গুলির শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন, উঠানের সামনের রাস্তায় দুজনের লাশ পড়ে আছে।ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, নিহত ও ‘নিখোঁজ’ ব্যক্তিরা ইউপিডিএফের সমর্থক ছিলেন। জেএসএসের (সন্তু) পক্ষ এ ঘটনার জন্য দায়ী।এ ব্যাপারে বক্তব্য জানার জন্য চেষ্টা করেও জেএসএসের (সন্তু) কাউকে পাওয়া যায়নি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।