দীঘিনালায় দুই পক্ষের বন্দুকযুদ্ধ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের বন্দুকযুদ্ধ হয়েছে। ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন।পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তাদের ভাষ্যমতে, আধিপত্য বিস্তার নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। ইউপিডিএফ বিষয়টি অস্বীকার করেছে। জেএসএস-সন্তু পক্ষের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাড়াইছড়ি বাজার থেকে ৮০০ গজ দূরে নোনাকারবারি পাড়ায় গতকাল সকাল আটটা থেকে জেএসএস-সন্তু লারমা ও ইউপিডিএফের দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময় চলে। এ সময় বিজিবি নাড়াইছড়ি ক্যাম্প থেকে একটি টহল দল সেখানে গেলে বিজিবি সদস্য আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জেএসএস-সন্তু লারমা পক্ষ ও ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে ছিল। এ দুটি পক্ষের মধ্যে গত ২০ নভেম্বর নাড়াইছড়ির দেওয়ানপাড়ায়, ২৬ জানুয়ারি কঁইয়াতলীতে এবং ৮ ফেব্রুয়ারি নোনা কারবারিপাড়া এলাকায় বন্দুকযুদ্ধ হয়। ইউপিডিএফের দীঘিনালা ইউনিট-প্রধান উদয় চাকমা দাবি করেন, নাড়াইছড়িতে জেএসএস-সন্তু লারমা ও বিজিবি সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। ইউপিডিএফ সদস্যদের সঙ্গে কোনো বন্দুকযুদ্ধ হয়নি। সহকারী পুলিশ সুপার (সদর ও দীঘিনালা সার্কেল) আবুল আসাদ মো. মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাড়াইছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল জেএসএস-সন্তু লারমা ও ইউপিডিএফের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এক বিজিবি সদস্যও আহত হয়েছেন। নাড়াইছড়ি দুর্গম এলাকা হওয়ায় সেখানে পুলিশের যাওয়া সম্ভব হয়নি। সেখানে বিজিবি সদস্যরা অভিযান চালাচ্ছে বলে জানতে পেরেছি।’