দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে যুব সমিতির সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন-লারমা) সমর্থিত যুব সমিতির সদস্য মিথুন চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আঞ্চলিক রাজনৈতিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।মিথুনকে হত্যার ব্যাপারে জনসংহতি সমিতিকে (সন্তু) দায়ী করেছে এমএন-লারমার পক্ষ। তবে সন্তুপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। মিথুন উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নের পূর্ণ কুমার কার্বারিপাড়ার বাইট্যা চাকমার ছেলে। তিনি যুব সমিতির মেরুং ইউনিয়ন শাখার সদস্য ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে মিথুন মোটরসাইকেলে করে রাবার কারখানা এলাকা থেকে চংড়াছড়ির দিকে যাচ্ছিলেন। তিনি ষোল নম্বর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, চার-পাঁচটি গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মিথুনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় দুই যুবককে তাঁরা দৌড়ে ভূঁইয়াছড়ির দিকে চলে যেতে দেখেন।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিথুন চাকমার স্ত্রী বাসনা চাকমা (৩৫) ঘটনাস্থলের পাশে সড়কে বসে তিন সন্তানকে নিয়ে বিলাপ করছিলেন। তাঁর পাশে বসে কান্না করছে বাকপ্রতিবন্ধী মেয়ে সেজুতি চাকমা (১২)। বাসনা জানান, মোটরসাইকেল চালানো শেখার উদ্দেশ্যে সকালে তাঁর স্বামী বাড়ি থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর শোনেন, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।উপজেলা যুব সমিতির সভাপতি সমীর চাকমা অভিযোগ করেন, মিথুনকে জেএসএসের (সন্তু) সন্ত্রাসীরা হত্যা করেছে। গত ১৭ এপ্রিল খুন হওয়া উপজেলা যুব সমিতির সদস্য শান্তিমুনি চাকমা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী ছিলেন তিনি। এ কারণে সন্তুপক্ষের লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।তবে জেএসএসের (সন্তু) কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, মিথুনকে হত্যার সঙ্গে তাঁদের দলের কেউ জড়িত নন। জেএসএসের (এমএন-লারমা) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, আঞ্চলিক রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি একটি হত্যা মামলার প্রধান সাক্ষী ছিলেন। সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।