দীঘিনালায় নিউমোনিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় শিশুদের মধ্যে নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গতকাল বুধবার ১০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
গত এক সপ্তাহে ২১ জন শিশু অন্তর্বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বহির্বিভাগ থেকে অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। লো-ভোল্টেজের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের নিউমোনিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার সাকার ও নেভুলাইজেশন যন্ত্র চালাতে সমস্যা হচ্ছে।
গতকাল বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আটজন শিশু চিকিৎসাধীন রয়েছে। উপজেলার পোমাংপাড়া এলাকা থেকে ভর্তি হওয়া দেবেন্ত ত্রিপুরার (বয়স পাঁচ মাস) মা সুমিতি ত্রিপুরা, বাঘাইছড়ি মূখ এলাকার তড়িৎ কান্তি চাকমার (বয়স ৫ মাস) মা ইতি চাকমা ও কবাখালী এলাকার সাদিয়া আক্তারের (বয়স চার মাস) মা কুলছুম বেগম বলেন, হঠাৎ করে শ্বাসকষ্ট ও কাশি দেখা দেওয়ায় তাঁরা মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দীপংকর দে জানান, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৩টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তর্বিভাগে ভর্তি হয়েছে। বহির্বিভাগ থেকে অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিয়েছেন। তবে কোনো শিশুর মৃত্যু ঘটেনি।
অন্তর্বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সেবিকা লিপি চাকমা জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২১ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তর্বিভাগে ভর্তি হয়েছেন। লো-ভোল্টেজের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কফ নিষ্কাশনের সাকার যন্ত্র ও কৃত্রিম গ্যাস দেওয়ার নেভুলাইজেশন যন্ত্র চালাতে সমস্যা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা ত্রিলোক চাকমা বলেন, আবহাওয়া পরিবর্তন ও ঠান্ডা গরম সংমিশ্রণের কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। এ সময় শিশুদের যত্নে রাখতে হবে। আর নিউমোনিয়া বা শ্বাসকষ্ট দেখা শিশুদের কোনোভাবেই শোয়ানো অবস্থায় দুধ পান করানো যাবে না। এবং দুধ পান করানোর আধা ঘণ্টা পর শিশুদের শোয়ানোর পরামর্শ মায়েদের মেনে চলতে হবে।