দীঘিনালায় নিউমোনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ
খাগড়াছড়ির দীঘিনালায় নিউমোনিয়া ও ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। শয্যাসংকটের কারণে ১০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২০ জন রোগী ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে ৬৭ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পাঁচ-ছয়জন ছাড়া সবাই নিউমোনিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। এ ছাড়া একই সময়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে তিন শতাধিক রোগী। তাদের বেশির ভাগই নিউমোনিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, কয়েকজন রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্ত বেতছড়ির রিহাদের (১ মাস ১০ দিন) মা নাহারা বেগম, বাবুছড়ার অর্কিড চাকমার (৪) মা রুপসী চাকমা, বিন্দু বৈদ্যপাড়ার অন্তরা বড়ুয়ার (৩) মা জলি বড়ুয়া ও মধ্য বেতছড়ির খুরশিদা আক্তারের (৪ মাস) মা আম্বিয়া বেগম বলেন, হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শিশুদের নিয়ে তাঁরা হাসপাতালে এসেছেন। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসা দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাসজনিত জ্বর বেড়ে গেছে। তাই শিশুদের ঠান্ডা লাগানো ও অতিরিক্ত গরমে ঘামানো থেকে রক্ষা করতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শ্বাসকষ্ট দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।