দীঘিনালায় পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আদিবাসী শিক্ষার্থীরা অংশ নেন।বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি অংকন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জীবন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী ডেইজী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি বিজয় চাকমা, ছাত্রনেতা নিউটন চাকমা প্রমুখ।বক্তারা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিসত্তা আমাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি নিয়ে বসবাস করছি। আমরা ২০০২ সাল থেকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকারসহ পাঁচ দফা দাবি উত্থাপন করে আসছি। কিন্তু কোনো সরকারই তা বাস্তবায়ন করেনি, বরং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের জাতীয় অস্তিত্ব মুছে দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। তাই পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই।