দীঘিনালায় পাল্টাপাল্টি বাজার বর্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া পুরাতন বাজার ও বাবুছড়া নতুন বাজার বাঙালি ও আদিবাসীরা পৃথক পৃথকভাবে বর্জন করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার ছিল বাবুছড়া পুরাতন বাজারের সাপ্তাহিক হাটবারের দিন। প্রতি সাপ্তাহিক হাটবারে আদিবাসীরা বাজারে এলেও সেদিন কোনো আদিবাসী বেচাকেনা করতে আসেনি। ওই দিনের পর থেকে পুরাতন বাজারে কোনো আদিবাসী জিনিসপত্র বেচাকেনা করতে আসছেন না। এদিকে গতকাল বৃহস্পতিবার ছিল বাবুছড়া নতুন বাজারের হাটবারের দিন। প্রতি সপ্তাহে হাটবারে বাঙালিরা বাবুছড়া নতুন বাজারে ভ্রাম্যমাণ দোকান নিয়ে যান। কিন্তু গতকাল কোনো বাঙালি দোকানদার ও ক্রেতা বাবুছড়া নতুন বাজারে বেচাকেনা করতে যায়নি।
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘আদিবাসীদের মনে ধারণা ছিল, বিজিবির সঙ্গে অপ্রীতিকর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা বাজারে এলে তাঁদের বাঙালিরা ধরিয়ে দেবে। তাই ভয়ে কোনো আদিবাসী রোববার বাবুছড়া পুরাতন বাজারে আসেননি। বিষয়টি নিয়ে বাঙালিদের সঙ্গে আমাদের বৈঠকের কথা ছিল। কয়েকজন বাঙালি নেতার সঙ্গে আমার আলোচনাও হয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার বাঙালিরা বাবুছড়া নতুন বাজারে না যাওয়ায় এখন বৈঠকের বিষয়ে জনগণের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে বাজার বয়কটের সিদ্ধান্ত নেই। এটা জনগণের সিদ্ধান্ত।’
এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘হঠাৎ করে পাহাড়িরা রোববার থেকে বাবুছড়া পুরাতন বাজারে আসছেন না। পাহাড়িরা বাবুছড়া পুরাতন বাজারে আসছেন না দেখে বৃহস্পতিবার বাঙালি কোনো ব্যবসায়ী বাবুছড়া পুরাতন বাজারে যাননি। আমরা কোনো বাঙালি ব্যবসায়ীকে নতুন বাজারে যেতে নিষেধ করিনি। যেহেতু পাহাড়িরা আমাদের বাজারে আসছেন না, সেহেতু বাঙালিরাও নতুন বাজারে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে ইউপিডিএফের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।’
বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, ‘বাজার বয়কটের বিষয়টি শুনেছি। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল বলেন, ‘বাজার বয়কটের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’