দীঘিনালায় পৌঁছায়নি ষষ্ঠ শ্রেণীর গণিত বই
খাগড়াছড়ির দীঘিনালায় মাদ্রাসার প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি। উপজেলার একটি সরকারিসহ ১৩টি উচ্চবিদ্যালয়, পাঁচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বই পায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বরাবর বইয়ের চাহিদাপত্র পাঠানো হলেও এখনো বই এসে পৌঁছায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র ও শিক্ষকেরা জানান, উপজেলায় সরকারিসহ ১৩টি উচ্চবিদ্যালয়, পাঁচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সব শ্রেণীর বই দেওয়া হলেও ষষ্ঠ শ্রেণীর গণিত বই দেওয়া সম্ভব হয়নি।
দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা ও হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া জানান, বিদ্যালয়ের অন্যান্য বইয়ের কোনো সংকট নেই। শুধু ষষ্ঠ শ্রেণীর গণিত বই শিক্ষার্থীরা পায়নি।
রশিক নগর দাখিল মাদ্রাসার সুপার আজিজ উদ্দিন জানান, বই না আসায় পঞ্চম শ্রেণীর ৪৫ জন, দ্বিতীয় শ্রেণীর ৩৫ জন ও প্রথম শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থী বই পায়নি।
ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দিন জানান, পঞ্চম শ্রেণীর ৪০ জন, দ্বিতীয় শ্রেণীর ৩৫ জন এবং প্রথম শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থী বই পায়নি।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার উচ্চবিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ৪৭০ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গণিতের বইয়ের চাহিদা রয়েছে। বই না আসায় দেওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া দুটি দাখিল মাদ্রাসা ও দুটি ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ১৪৬ জন, প্রথম শ্রেণীর ১৭২ জন ও দ্বিতীয় শ্রেণীর ১৭০ জনের বইয়ের চাহিদা রয়েছে। এখনো বই না আসায় এসব শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ষষ্ঠ শ্রেণীর গণিত বই এবং মাদ্রাসার পঞ্চম, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বই না আসার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রতি সপ্তাহে বইয়ের চাহিদাপত্রসহ এনসিটিবিতে প্রতিবেদন পাঠাচ্ছি। বই আসামাত্রই বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হবে।