দীঘিনালায় প্রকৌশলীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ
খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে নারী ইউপি সদস্যের কাছে ঘুষ দাবি এবং না দেওয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য জহুরা ছোবাহান ৬ জুন ইউএনওর কাছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। জহুরা ছোবাহান জানান, তিনি চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৭৫ হাজার টাকার প্রাক্কলিত বরাদ্দে ৩ নম্বর ওয়ার্ডে ছড়ার ওপর কাঠের ব্রিজ নির্মাণ করেন। প্রকল্পের প্রথম কিস্তির ৩৭ হাজার টাকার বিল দেওয়ার সময় উপজেলা প্রকৌশলী সাত হাজার ৫০০ টাকা কার্যালয় খরচ হিসেবে কেটে রাখেন। কাজ শেষ হলে বরাদ্দের বাকি ৩৮ হাজার টাকার জন্য কয়েকবার ধরনা দিয়েও তা পাননি তিনি। ২৬ মে তিনি আবারও প্রকৌশলী সাইদুল্লাহ মিয়ার দপ্তরে গেলে প্রকৌশলী তাঁর কাছে আরও ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি তাঁর উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। জহুরা জানান, ‘বিষয়টির আমি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে ইউপি চেয়ারম্যান ও ইউএনওকে মৌখিকভাবে জানিয়েছি। পরে তাঁদের পরামর্শে লিখিত অভিযোগ করেছি।’ উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়া বলেন, ‘আমি ঘুষ দাবি এবং ওই মহিলা সদস্যের সঙ্গে অশালীন ব্যবহার করিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।’