দীঘিনালায় প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা, আলোচনা সভা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা না হলেও উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বাঘাইছড়িমুখ এলাকায় পালিত হয়েছে প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধীদের নিয়ে গড়ে ওঠা কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি) নামক একটি সংগঠন প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।
গতকাল সকালে কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দবাজার মাঠে আলোচনা সভার আয়োজন করে। সিএসডির সভাপতি কৃপাময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সিএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনন্দ মোহন চাকমা।
সিএসডির কার্যক্রম ও প্রতিবন্ধীদের জন্য মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বিশু।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের জন্য একেকটি পদক্ষেপ মানবজাতির জন্য বিশাল পদক্ষেপ। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বিশ্বের অনেক বিজ্ঞানী, গবেষক প্রতিবন্ধী ছিলেন, তাঁরা নোবেল পুরস্কারও পেয়েছেন।