দীঘিনালায় বন্দুকযুদ্ধ
খাগড়াছড়ির দীঘিনালায় ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়ির কইয়াতলীতে গতকাল বুধবার জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা স্থানীয় অধিবাসীদের কেউই জানাতে পারেনি। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি বাজার থেকে সাড়ে চার কিলোমিটার উত্তর-পশ্চিমে কইয়াতলীতে (দেওয়ানপাড়া) জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। থেমে থেমে বেলা দেড়টা পর্যন্ত চলে এ বন্দুকযুদ্ধ।ধনপাতা এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, নাড়াইছড়িতে আধিপত্য নিয়ে গত কয়েক মাস ধরে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বিরোধ চলছে। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ চাকমা গতকালের বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্দুকযুদ্ধের খবর শুনেছি। তবে কাদের মধ্যে হয়েছে তা বলতে পারছি না।’ ইউপিডিএফের দীঘিনালা ইউনিট প্রধান উদয় চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এলাকার বাইরে আছেন বলে কোনো মন্তব্য করতে রাজি হননি। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল আসাদ মো. মাহফুজ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বন্দুকযুদ্ধ হয়েছে।