দীঘিনালায় বন্দুকযুদ্ধ একটি তাজা গুলি ১৩ খোসা উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জারুলছড়ি এলাকায় গত রোববার সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে। রোববার উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে রবিচন্দ্র কার্বারিপাড়া ও মঙ্গল বিকাশ কার্বারিপাড়ার মধ্যবর্তী স্থানে সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আঞ্চলিক দুটি সংগঠনের মধ্যে থেমে থেমে দেড় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত চাকমা জানান, বর্তমানে বাবুছড়াসহ জারুলছড়ি এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দীঘিনালা সেনা জোন চিরন্তন আটাশের অধিনায়ক লে. কর্নেল মো. লোকমান আলী জানান, দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনার পরপর সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে ১৩টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে।