দীঘিনালায় বিজিবি গ্রামবাসী সংঘর্ষে ১৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছিড়র দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় বিজিবির ব্যাটালিয়ন কার্যালয়ের জমি অধিগ্রহণ ও স্থাপনা নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই নারী।
বাবুছড়া এলাকার শশীমোহন কার্বারীপাড়ার বাবুল চাকমা আহতদের নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে যান। তিনি জানান, বিজিবির নবগঠিত ব্যাটালিয়ন কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও স্থাপনা নির্মাণের প্রতিবাদ জানিয়ে আসছিলেন ক্ষতিগ্রস্ত আদিবাসীরা। এ বিষয়ে হাইকোর্টে একটি মামলাও রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজিবি স্থাপনা নির্মাণ করতে গেলে শশীমোহন কার্বারীপাড়াসহ আশপাশের কয়েকটি পাড়ার বাসিন্দারা এর প্রতিবাদ জানান।
বাবুল চাকমা আরও বলেন, নারীরা প্রতিবাদ করতে গেলে স্থাপনা নির্মাণে নিয়োজিত শ্রমিক ও বিজিবির সদস্যরা তাঁদের ওপর হামলা চালান। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে দুজন, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জনকে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত ফুলরানী চাকমা (৪৫) মাথায় ও ঊরুতে আঘাত পান এবং গোপা চাকমার ডান হাত ভেঙে যায়। তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকোমল চাকমা বলেন, ‘ঘটনার পর আমরা বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে যাই। বিজিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্যাটালিয়নভুক্ত জায়গায় হেলিপ্যাড ফ্ল্যাগ স্থাপন করতে গেলে আদিবাসী নারীরা এতে বাধা দেন। পরে আদিবাসী নারী-পুরুষদের নিবৃত্ত করতে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছোড়ে।’
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, বিজিবি ব্যাটালিয়ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ১০টি রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।