দীঘিনালায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের প্রতিবাদ
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে আদিবাসীরা অবস্থান ধর্মঘট পালন ও প্রধানমন্ত্রী বরাবর চার দফা দািবসংবলিত স্মারকলিপি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কমিটির সদস্য নতুন চন্দ্র কার্বারীর সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক কিশোর চাকমা, দীঘিনালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাধন চাকমা, গণতািন্ত্রক যুব ফোরামের নেতা জীবন চাকমা, পূর্ণ চন্দ্র কার্বারী, সুজয় চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে জেলা পরিষদের আইন মানা হয়নি। এমনকি উচ্চ আদালতের রিট নিষ্পত্তি হওয়ার আগে সদর দপ্তর স্থাপন আদালত অবমাননার শামিল৷ সভা শেষে চার দফা দািবসংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়৷
বিজিবির সদর দপ্তরের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯ দশমিক ৮১ একর জায়গা অধিগ্রহণ করে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ২০১৩ সালের ১৮ মে এ লক্ষ্যে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়। গত সোমবার ব্যাটালিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে দীঘিনালার বাবুছড়ায় সদর দপ্তরের কার্যক্রম শুরু হয়েছে।
ইউএনও ফজলুল জাহিদ পাভেল বলেন, কাউকে ভূমি থেকে উচ্ছেদ করে ভূমি অধিগ্রহণ করা হয়নি। ভূমি অধিগ্রহণের নিয়মনীতি অনুসরণ করে জেলা প্রশাসনের অধিগ্রহণ শাখা থেকে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে কারও ভূমি মালিকানার কাগজপত্র থাকলে অবশ্যই তিনি ক্ষতিপূরণ পাবেন।