দীঘিনালায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাবুছড়া ইউনিয়নের রোক চন্দ্র কার্বারিপাড়া এলাকার বিধু ভূষণ চাকমার বাড়িতে অভিযান চালিয়ে গতকাল রোববার বিকেলে ওই অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। অভিযান পরিচালনাকারী সেনাসদস্যরা বলেন, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত ওই বাড়িটির অবস্থান। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলএমজি রাইফেল, চারটি পিস্তল, ২২৮টি গুলি, তিনটি বোমা, একটি সিগন্যাল সেট, ছয়টি ওয়াকিটকি, গুলি রাখার ১৯টি বান্ডিল ও কিছু সামরিক কাপড়। একটি ঘরের মাচার (সিলিং) ওপর দুটি বস্তায় মোড়ানো অবস্থায় গোলাবারুদ ও ওয়াকিটকি লুকিয়ে রাখা ছিল এবং অপর একটি ঘরের মেঝের মাটিতে অস্ত্রগুলো পুঁতে রাখা ছিল।অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের।