দীঘিনালায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অস্ত্রসহ আটক ১
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে গত শনিবার সন্ধ্যা সাতটায় সন্ত্রাসীদের গুলিতে সুনীতি রঞ্জন চাকমা (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুলি করে পালানোর সময় স্থানীয় জনতা বিনয় কান্তি চাকমা (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা সাতটায় উপজেলার মেরুং বাজারে সুনীতি রঞ্জন চাকমা নিজের ওষুধের দোকানে বসে ব্যবসায়িক কাজ করার সময় তিনজন সন্ত্রাসী দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয় ব্যবসায়ীরা গুলির শব্দ শুনে সুনীতি চাকমার দোকানে এসে দেখেন, তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন। দোকানের সামনে থেকে তিনজন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীরা ধাওয়া করে দেশে তৈরি একটি এলজি, দুটি গুলিসহ বিনয় কান্তি চাকমাকে আটক করেন। তিনি ছোট মেরুং তাসটিলা এলাকার রত্নমোহন চাকমার ছেলে। এ সময় অন্য এক যুবক ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সুনীতি চাকমাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পরদিন দুপুর ১২টায় তিনি মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুনীতি রঞ্জন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সমর্থক ছিলেন। প্রতিনিয়ত মৃত্যুর হুমকির কারণে তিনি কয়েক বছর ধরে মেরুং ১৬ নম্বর এলাকা ছেড়ে মেরুং বাজারে এসে ওষুধের দোকান খুলে সেখানেই বসবাস করছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘নিহত সুনীতি চাকমা শান্তিবাহিনীর সাবেক সদস্য ও আমাদের সমর্থক ছিলেন। কয়েক বছর ধরে তিনি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। আমরা তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও দোষী ব্যক্তিদের বিচারের দাবি করছি।’