দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির অবস্থান ধর্মঘট

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার যত্নমোহন কার্বারীপাড়া থেকে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহার ও বসতভূমি ফেরত পাওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন আদিবাসীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন তাঁরা।
গতকাল রোববার সকাল ১০টায় দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা, দীঘিনালা ইউপির চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী (সদর) ইউপির চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউপির চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির নেতা আনন্দ মোহান চাকমা, সুজয় চাকমা, নতুন চন্দ্র কার্বারী প্রমুখ।