দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
‘প্রয়োজনে গুলি করে মেরে ফেলুক তবু নিজ বসতভিটার ভূমি বিজিবিকে দেব না। ১৯৬০ সাল থেকে বারবার নিজ বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়েছি, আর ভূমিহীন হতে চাই না।’ কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবি-আদিবাসী সংঘটিত অপ্রীতিকর ঘটনার পর বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া মৃণাল কান্তি চাকমা।
গতকাল মঙ্গলবার বাবুছড়া উচ্চবিদ্যালয় মাঠে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিভিন্ন দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে রিপন চাকমা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চন্দ্র রঞ্জন চাকমা, মৃণাল কান্তি চাকমা, গোপা চাকমা, সুদর্শনা চাকমা।
সংবাদ সম্মেলন থেকে বিজিবি ব্যাটালিয়ন প্রত্যাহার, ১০ জুনের ঘটনায় বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।