দীঘিনালায় মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সব প্রাণীর মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী আদিবাসীরা। গতকাল রোববার প্রয়াত সাধনানন্দ মহাস্থবির প্রকাশ বনভান্তের শিষ্য ও দীঘিনালা বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবির ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেয়।
এর আগে শনিবার রাতে সব প্রাণীর মঙ্গল কামনায় বনবিহারে হাজারো প্রদীপ প্রজ্বালন ও ফানুস উড়ানো হয়। গতকাল সকালে কেক কাটা, বুদ্ধ পূজা, শীবলী পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করা হয়। দুপুরে মঙ্গল শোভাযাত্রা নিয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনবিহারে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন লে. কর্নেল মো. মহসিন রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা ও বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ। ধর্মীয় দেশনা দেন বিহার অধ্যক্ষ নন্দপাল মহাস্থবির। আলোচনা সভায় বক্তারা বলেন হিংসা নয়, সমাজে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে হবে।