দীঘিনালায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাইয়ে আদিবাসী শিশু হত্যা ও নানিয়ারচরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল l প্রথম আলো
কাপ্তাইয়ে আদিবাসী শিশু হত্যা ও নানিয়ারচরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল l প্রথম আলো

রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়িতে অষ্টম শ্রেণির ছাত্রী ছবি মারমা হত্যা ও নানিয়ারচর উপজেলার বগাছড়িতে আদিবাসীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেএসএস (এমএন লারমা), ইউপিডিএফ ও পার্বত্য ভিক্ষু সংঘ।
জেএসএস (এমএন লারমা): ১৭ ডিসেম্বর সকালে জেএসএস (এমএন লারমা), যুব সমিতি ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি রাজ্যময় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেএসএসের জেলা সভাপতি প্রীতিময় চাকমা, সহতথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা, সাধারণ সম্পাদক সুজন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা, কলেজ শাখার সভাপতি প্রভাত চাকমা প্রমুখ।
বক্তারা বৌদ্ধভিক্ষুকে নির্যাতনের নিন্দা জানিয়ে অবিলম্বে ছবি মারমার হত্যাকারী ও বৌদ্ধভিক্ষুকে নির্যাতনকারীদের গ্রেপ্তার, নানিয়ারচরে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের যথাযথ ক্ষতিপূরণসহ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
ইউপিডিএফ: ১৬ ডিসেম্বর দুপরে হিল উইমেন্স ফেডারেশন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জীবন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা, যুব ফোরাম নেতা লালন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জহেল চাকমা প্রমুখ।
পার্বত্য ভিক্ষু সংঘ: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বৌদ্ধভিক্ষুদের ওপর হামলা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের দাবিতে ১৮ ডিসেম্বর দীঘিনালায় মৌন মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য ভিক্ষু সংঘ। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সত্যানন্দ মহাথেরর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যন নবকমল চাকমা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ বিশ্ব কল্যাণ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, বিশুদ্ধানন্দ মহাথের, নন্দপ্রিয় থের, লোকমিত্র ভিক্ষু, চাকমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা প্রমুখ। বক্তারা বৌদ্ধভিক্ষুদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।