দীঘিনালায় ম্যালেরিয়ায় মৃত্যু শূন্যের কোঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৫ এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস। ম্যালেরিয়া অঞ্চল হিসেবে পরিচিত খাগড়াছড়ির দীঘিনালায় এ রোগে মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে এসেছে। সর্বশেষ ২০০৮ সালের জুন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ছয়জন মারা গেলেও গত চার বছরে কোনো মানুষের মৃত্যু হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কাজ করছে। গত ১৮ বছরে ম্যালেরিয়া রোগে আক্রান্তের হার তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। গ্রাম পর্যায়ে মানুষের মাঝে ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির কারণে আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ স্বাস্থ্য কর্মসূচি সূত্রে জানা গেছে, দীঘিনালায় ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত রোগীর সংখ্যা ছিল দুই লাখ ৩৯ হাজার। এর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ট্রপোজয়েট (পিভিটি ম্যালেরিয়া) রোগীর সংখ্যা ছিল চার হাজার ৫৬৬ জন। প্লাজমোডিয়াম ফেলসিফেরাম ট্রপোজয়েট (পিএফটি ম্যালেরিয়া) রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৩১৭ জন। তাদের পরিসংখ্যান হিসাবে জানা যায়, দীঘিনালায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ১৮৬ জন মারা যায়। কিন্তু ২০০৯ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। ২০০৯ সাল থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও দ্রুত কমে এসেছে।পরিসংখ্যানে দেখা গেছে, এখানে ১৯৯৭ সালে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ২৯৩। কিন্তু ২০১২ সালে রোগীর সংখ্যা দাঁড়ায় মাত্র ৯১৬ জনে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সাধারণত এপ্রিল থেকে জুন মাসে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। গত কয়েক বছরে ম্যালেরিয়া রোগীর সংখ্যা অনেকাংশে কমে এসেছে। আর মৃত্যুর হার নেমে এসেছে শূন্যের কোঠায়।ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দীঘিনালা শাখার ব্যবস্থাপক শ্যামল চাকমা বলেন, ম্যালেরিয়া থেকে রক্ষা পেতে দীঘিনালার পাঁচটি ইউনিয়নে ২০০৮ সালে ৩৭ হাজার ৩৮৫ জন ও ২০১১ সালে ৫৫ হাজার ৩৮১ জনকে বিনা মূল্যে মশারি বিতরণ করা হয়। মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতেও কাজ করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ বলেন, একসময় দীঘিনালা ম্যালেরিয়ার জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। এখানে ম্যালেরিয়ার সেই চিত্র আর নেই।