দীঘিনালায় যুব সমিতির নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষ-সমর্থিত যুব সমিতির উপজেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক প্রীতি চাকমা (৪২) আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য জেএসএস (এমএন লারমা) পক্ষ জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মনের মানুষ লিচুবাগান এলাকায় প্রীতি চাকমাকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে। এ সময় গুলির শব্দ শুনে ওই এলাকায় কাঠের কাজ করা শ্রমিকেরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে শ্রমিকেরা প্রীতি চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।প্রীতি চাকমা বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা পাবলাখালীর নলীনি চাকমার ছেলে। কয়েক বছর ধরে তিনি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চংড়াছড়ি চৌধুরী পাড়ায় বসবাস করছেন। তিনি জেএসএস-সমর্থিত যুব সমিতির উপজেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।উপজেলা যুব সমিতির সভাপতি সমীর চাকমা ঘটনার জন্য সন্তু পক্ষকে দায়ী করে বলেন, ‘সন্তু লারমার লোকজনই প্রীতি চাকমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। এর আগেও তাঁর লোকেরা আমাদের একজন নেতাকে হত্যা ও কয়েকজনকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল।’জেএসএস পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সঙ্গে সন্তু পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।