দীঘিনালায় যুব সমিতির সদস্য গুলিবিদ্ধ
খাগড়াছড়ির দীঘিনালায় নিরু চাকমা (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সদস্য।
গত সোমবার রাত সাড়ে সাতটার সময় উপজেলার বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচটি গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি রাত আটটায় বাবুপাড়ার পার্শ্ববর্তী মাইনী সেতু এলাকায় তাঁর ওপর গুলিবর্ষণ করা হয়েছিল। ওই ঘটনায় কবাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহজাহান গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি (এমএন লারমা) পক্ষ জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি (এমএন লারমা) পক্ষ ও পুলিশ জানায়, নিরু চাকমা (৩৫) জোড়াব্রিজ এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুপাড়া এলাকায় পৌঁছালে তাঁকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনি কোমরে গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি (এমএন লারমা) পক্ষের দীঘিনালা উপজেলা সভাপতি সমীর চাকমা নিরু চাকমাকে তাঁদের কর্মী দাবি করে বলেন, জেএসএস (সন্তু) পক্ষের লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। গত বছরও তাঁর ওপর একবার গুলিবর্ষণ করা হয়েছিল। সন্তু পক্ষের লোকজন এর আগেও আমাদের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছে।
জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জেএসএস (সন্তু) পক্ষের কোনো সম্পৃক্ততা নেই। যুব সমিতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাসহ বিভিন্ন ঘটনা ঘটছে। সোমবারের ঘটনাটিও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটেছে।