দীঘিনালায় যুবলীগ নেতার ওপর পাহাড়ি ছাত্র পরিষদের হামলা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চংড়াছড়িতে ঘর পোড়ার মামলাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। যুবলীগের নেতা আহত মজনু মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার চংড়াছড়ি গ্রামের সাত্তার মোল্লার ছেলে মানিক মোল্লার ঘরে কে বা কারা আগুন দেয়। এ ঘটনায় মানিক মোল্লা পরদিন বুধবার চংড়াছড়ি এলাকার মো. জহির, রাসেল ও সেলিমকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা সবাই পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কর্মী।জানা গেছে, গতকাল সকালের দিকে বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা চংড়াছড়ি বাজারে রড ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এ সময় তাঁরা গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মজনুকে কুপিয়ে আহত করেন। এ সময় এলাকাবাসী বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের ধাওয়া করে মো. সেলিম নামের একজনকে ছুরিসহ আটক করে। আরেক কর্মী মো. জহিরকে পিটুনি দেওয়া হয়। বাঙালি ছাত্র পরিষদের কর্মী মো. জহির তালুকদার বলেন, ‘আমরা হামলা করিনি।’