দীঘিনালায় যুবলীগের নেতা গুলিবিদ্ধ
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী সেতু এলাকায় গত শনিবার রাতে মো. শাহজাহান (৩৫) নামের যুবলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।বাঙালি ছাত্র পরিষদ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। পুলিশ ও যুব সমিতির সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষের যুব সমিতির দীঘিনালা উপজেলা সদর গ্রাম কমিটির সাধারণ সম্পাদক নিরু চাকমা (৩৭) কবাখালী বাজার থেকে কবাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহজাহানসহ মোটরসাইকেলে করে উপজেলা সদরে ফিরছিলেন। তাঁরা মাইনী সেতু-সংলগ্ন মাইনী রিসোর্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় মো. শাহজাহান গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা যুব সমিতির সভাপতি সমীর চাকমা ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করে বলেন, ‘অস্ত্রধারীরা নিরু চাকমাকে হত্যা করতে এসেছিল।’ যুব সমিতির অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও জেএসএস (সন্তু) পক্ষের কাউকে পাওয়া যায়নি।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।