দীঘিনালায় শান্তি মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন সংঘর্ষের ঘটনা ঘটলেও খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বুধবার আদিবাসী-বাঙালিদের সমন্বয়ে বের করা হয় এক শান্তি মিছিল। উভয় সম্প্রদায়ের তিন শতাধিক লোকের উপস্থিতিতে করা হয় শান্তি সমাবেশ।সমাবেশে সব রাজনৈতিক দলের নেতারা দীঘিনালা উপজেলাকে শান্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। গঠন করা হয় এলাকাভিত্তিক আদিবাসী-বাঙালিদের সমন্বয়ে শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি। গত মঙ্গলবার খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় দীঘিনালা উপজেলায় ছড়িয়ে পড়ে নানা গুজব। এসব গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উভয় সম্প্রদায়ের নেতারা গ্রামে গ্রামে গিয়ে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। আদিবাসী-বাঙালি নেতারা গতকাল বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক শান্তি সমাবেশ আহ্বান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মঈন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, সমাজসেবক নব কমল চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘আজ এ সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে দীঘিনালাকে গড়ে তুলব শান্তির উপজেলা হিসেবে। আমরা আদিবাসী-বাঙালি ভেদাভেদ ভুলে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই। যারা আদিবাসী-বাঙালির সম্প্রীতি নষ্ট করতে গুজব ছড়াবে, তাদের আমরা চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব।’পরে আদিবাসী ও বাঙালিদের সমন্বয়ে শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘দীঘিনালা শান্ত। আশা করি আজকের এ শান্তি সমাবেশ ও মিছিলের পর জনগণ আর আতঙ্কিত হবে না।’