খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর সরিয়ে নেওয়া এবং পদযাত্রায় বাধা দেওয়ার প্রতিবাদে ভূমি রক্ষা কমিটির সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
অবরোধের সমর্থনে রাস্তায় নেতা-কর্মীদেরও কোনো তৎপরতা দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল।
গতকাল সোমবার সকাল-সন্ধ্যার এ কর্মসূচি চলাকালে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের উদ্দেশে বাস ছেড়ে যায়নি। বন্ধ ছিল দিঘীনালা থেকে রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগও। তবে বাস না চললেও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক ছিল।
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির ডাকা পদযাত্রা নিয়ে সংঘর্ষের ঘটনায় রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৮০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতপরিচয় আসামি ৭৫০ জন।
পুলিশ জানায়, মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমাকেও আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য ও ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা দাবি করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দেওয়ার পর এখন নিরীহ মানুষদের গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও পুলিশের অভিযানের কারণে সড়ক অবরোধ কর্মসূচিতে কেউ মাঠে ছিল না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে একজন নির্বাহী হাকিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এলাকায় মোতায়েন করা হয়েছে।
বিজিবির ক্যাম্প সরানোর দাবি : বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ৫১ বিজিবির সদর দপ্তর সরানোর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। দীঘিনালায় সম্প্রতি সন্তু লারমার গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গতকাল সংগঠন দুটির নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজু ভাস্কর্যে গিয়ে মিলিত হন।