দীঘিনালায় শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শিশুদের ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ১ মার্চ থেকে গতকাল ৫ মার্চ পর্যন্ত বহির্বিভাগ থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭০ জন শিশু চিকিৎসা নিয়েছে। তবে গত মাসে অনেক বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন এবং দূষিত পানি ও অপরিচ্ছন্ন খাবারদাবারের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দীপঙ্কর ধর বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৯ জন শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি হয়েছে। এর আগে গত ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০৫ জন শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ভর্তি থেকে চিকিৎসাসেবা নিয়েছিল।
৩ মার্চ সরেজমিনে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত বেশ কিছু শিশু হাসপাতালের অন্তর্বিভাগে চিকিৎসা নিচ্ছে। জামতলী এলাকার দেড় বছর বয়সী শিশু বিথিকা ত্রিপুরাও ছিল তাদের মধ্যে। তার মা মিতালী চাকমা বলেন, ‘আমাদের গ্রামে নলকূপ নেই। আমরা কুয়ার পানি পান করি। কুয়ার পানি পান করার পর পাতলা পায়খানা শুরু হয়। ১ মার্চ শিশুকে হাসপাতালে নিয়ে আসি।’
কাটারুং এলাকার ১০ মাস বয়সী শিশু ঋতিকা চাকমার মা নয়না চাকমা বলেন, ‘২ মার্চ ভোররাত থেকে আমার সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হয়। সন্তান বেশি দুর্বল হয়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (এমও) জিয়াউর রহমান বলেন, মৌসুমি আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গত এক মাস ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া নোংরা পানি ও খাবারের কারণেও ডায়রিয়া হচ্ছে।
শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা করতে হলে অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে। ফুটানো পানি পান করাতে হবে। কোনোভাবেই ঠান্ডা ও বাসি খাবার খাওয়ানো যাবে না।